চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি অপারেটর ডিপি ওয়ার্ল্ডের হাতে হস্তান্তরের উদ্যোগের প্রতিবাদে বন্দর অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদ।
সোমবার দুপুর ১২টার দিকে নগরের আগ্রাবাদ চৌমুহনী থেকে পদযাত্রাটি শুরু হয়। বারিকবিল্ডিং মোড়ে গিয়ে পুলিশের বাধার মুখে পড়ে। সেখানে সমাবেশ করে কর্মসূচি শেষ করা হয়।
বক্তারা বলেন, দেশের স্ট্র্যাটেজিক সম্পদ চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিলে দেশের অর্থনীতি, সার্বভৌমত্ব ও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের চট্টগ্রাম জেলার প্রধান সমন্বয়কারী হাসান মারুফ রুমি। তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের এনসিটি একটি আধুনিক ও স্বয়ংসম্পূর্ণ টার্মিনাল। বর্তমান ট্যারিফ কাঠামো অনুযায়ী প্রতিটি কনটেইনারে বন্দর কর্তৃপক্ষ যেখানে গড়ে ১৬৫ ডলার আয় করে, অপারেটরকে দিতে হয় মাত্র ১০ ডলার। অন্যান্য ব্যয় ধরা হলে বন্দরের নিট আয় থাকে প্রায় ১০০ ডলার।
তিনি দাবি করেন, ডিপি ওয়ার্ল্ড যদি টার্মিনালটি পায়, তারা প্রতিটি কনটেইনার থেকে কমপক্ষে ৬৫ ডলার নিয়ে যাবে। ২০২৩-২৪ অর্থবছরের হিসাব অনুযায়ী ডিপি ওয়ার্ল্ড বছরে বাংলাদেশ থেকে বিদেশে নিয়ে যাবে প্রায় ৯৪ কোটি ডলার, যা বাংলাদেশি টাকায় এক হাজার ১৪৭ কোটি টাকার সমান। এতে ডলার সংকট আরও তীব্র হবে।









