লিওনেল মেসি ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। তবে আর্জেন্টাইন কিংবদন্তি ফিটনেস কোচ ফার্নান্দো সিগনোরিনি মনে করেন, মেসিকে মাঠে দেখা যাওয়ার সম্ভাবনাই বেশি। আর আর্জেন্টিনা শিরোপা ধরে রাখতে চাইলে মেসিকে এখন থেকেই বিশ্বকাপকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে- এমনই মত তার। সেই প্রস্তুতিকে কার্যকর করতে হলে মেসির এমএলএস থেকে ‘বড় ছুটি’ নেওয়াকে জরুরি বলে মনে করছেন তিনি।
সুপার দেপোর্তিভো রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে সিগনোরিনি স্পষ্ট ভাষায় বলেন, এমএলএস মেসির জন্য প্রয়োজনীয় প্রতিযোগিতা এনে দিতে পারছে না; তার ভাষায়, এটি ‘ফটবলের প্যারোডি’। ইন্টার মায়ামিতে মেসির বর্তমান খেলাই বিশ্বকাপের তীব্রতার সঙ্গে সঙ্গত নয় বলেও মন্তব্য করেন তিনি।
দিয়েগো ম্যারাডোনার সাবেক ফিটনেস কোচ সিগনোরিনি উদাহরণ টেনে বলেন, ডিয়েগো থাকলে মেসিকে বলতেন—বিশ্বকাপকেই সবচেয়ে বড় লক্ষ্য বানাও। তার মতে, বিশ্বকাপের আগে মেসির জন্য সবচেয়ে জরুরি হলো শরীর ও মনকে সম্পূর্ণ বিশ্রাম দেওয়া। তিনি বলেন, টুর্নামেন্টের তিন মাস আগে তার ছুটিতে যাওয়া উচিত। সবকিছু থেকে দূরে গিয়ে ক্লান্তি কাটিয়ে নতুন উদ্যমে ফিরতে হবে।
মেসি ২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দেন এবং সম্প্রতি ২০২৮ পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন। কিন্তু সিগনোরিনির অভিমত—এ লিগে খেলা মেসির প্রতিযোগিতামূলকতা কমিয়ে দিচ্ছে। নিজের অভিজ্ঞতার ভিত্তিতে তিনি আরও বলেন, “সে এখন যা খেলছে, সেটা আসল ফুটবল না—এক ধরনের প্রহসন। ইন্টার মায়ামির স্টেডিয়ামে গিয়ে আমি ফুটবল দেখেছি বলে মনে হয়নি।”
সিগনোরিনির আশঙ্কা, ইউরোপের উচ্চ-তীব্রতার ফুটবল থেকে আসা খেলোয়াড়দের বিপক্ষে বিশ্বকাপের সময় মেসির গতি ও ফিটনেসে ঘাটতি দেখা দিতে পারে। বয়স বিবেচনায় এটি মেসির শেষ বিশ্বকাপও হতে পারে বলে তিনি মনে করেন।
২০২৬ সালের জুনে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বিশ্বকাপ শুরু হবে। সিগনোরিনির মতে, এর আগে এমএলএস থেকে কিছুদিন দূরে থাকা শুধু মেসির নয়, আর্জেন্টিনারও উপকারে আসবে।









