সারাদেশে গত ২৪ ঘণ্টায় অর্থাৎ শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৭২ জন। এই সময়ে নতুন করে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।
আজ শনিবার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৭২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে বরিশাল বিভাগে ৯০ জন, চট্টগ্রাম বিভাগে ১৩২ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১১৬ জন, ঢাকা উত্তর সিটিতে ১৩২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৬৭ জন, ময়মনসিংহ বিভাগে ৩২ জন এবং সিলেট বিভাগে ৩ জন ভর্তি হয়েছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৫৭০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৯১ হাজার ২২২ জন।
এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৯৩ হাজার ৭৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৭৭ জনের।









