রোমান্টিক কমেডি থেকে বেরিয়ে এখন চ্যালেঞ্জিং চরিত্রে দাপট দেখাচ্ছেন ইয়ামি গৌতম। ‘হক্’ ছবির সাফল্যে আলোচনায় তিনি। অ্যাওয়ার্ড অনুষ্ঠান নিয়ে তার স্পষ্ট মন্তব্য আবারো তাকে নিয়ে এসেছে আলোচনার কেন্দ্রে।
ইয়ামি গৌতমের বলিউড যাত্রা শুরু হয়েছিল হালকা-স্বাদের রোমান্টিক কমেডি দিয়ে। সময়ের সঙ্গে তিনি নিজের খোলস বদলেছেন, বিস্তৃত করেছেন চরিত্রের পরিসর। এখন তাকে ভাবা হয় ইন্ডাস্ট্রির অন্যতম বহুমাত্রিক অভিনেত্রী হিসেবে। পরপর চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে তিনি প্রমাণ করেছেন, তার ভেতর আরও অনেক স্তর আছে খুঁজে দেখার মতো। সদ্য মুক্তিপ্রাপ্ত শাহ বানো মামলা অবলম্বনে নির্মিত ‘হক্’ ছবিতে তার অভিনয় আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে।
জন্মদিনের দিনে শুভেচ্ছায় ভেসে গেলেও ইয়ামি আলোচনায় এসেছেন আরেক কারণে অ্যাওয়ার্ড অনুষ্ঠান নিয়ে তার সোজাসাপ্টা মন্তব্য। ভারতীয় গণমাধ্যম বলছে, ‘হক্’-এর সফলতার পর তিনি নাকি নতুন চারটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। তবে এ বিষয়ে নিজের মুখ বন্ধ রেখেই তিনি দায়িত্ব দিলেন প্রযোজকদের। বললেন, ঘোষণার কাজ তাদের।
দর্শকের ভালোবাসা নিয়ে তিনি দ্বিধাহীন। অনেকের মতে, ‘হক্’ জাতীয় পুরস্কার পাবে। প্রশ্নটা উঠতেই ইয়ামি হালকা রসিকতা করলেন, উত্তর দিলে কী কী শিরোনাম বেরোতে পারে, সেটাই নাকি আগে মাথায় আসে। তিনি বললেন, এখন খুব সাবধানে কথা বলেন, যাতে ভুল ব্যাখ্যা না হয়।









