মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭, শীতকাল

৪৭তম বিসিএস: লিখিত পরীক্ষা শুরু ২৭ নভেম্বর

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

আগামী ২৭ নভেম্বর থেকেই ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু করতে ‘অনড়’ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এবার পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করে কমিশন স্পষ্ট করেছে যে, ‘এ পরীক্ষা পেছানোর কোনো ধরনের সুযোগ নেই’।

আজ সোমবার ২৪ নভেম্বর সন্ধ্যায় লিখিত পরীক্ষার আসনবিন্যাস ও পরীক্ষা পরিচালনাসংক্রান্ত বিশেষ নির্দেশনা বিস্তারিতভাবে প্রকাশ করা হয়েছে। এতে সই করেছেন পিএসসির পরীক্ষার নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন।

পিএসসি জানায়, ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত লিখিত পরীক্ষা নেয়া হবে। এ পরীক্ষায় প্রার্থীদের নির্দিষ্ট কিছু নিষেধাজ্ঞা ও নিয়ম মেনে চলতে হবে। পরীক্ষার কক্ষে মোবাইল ফোন, ঘড়ি, স্মার্টওয়াচ, ইলেকট্রনিক ডিভাইসসহ অন্যান্য সামগ্রী সম্পূর্ণ নিষিদ্ধ। একই সঙ্গে কোনো প্রার্থী পরীক্ষার সময় নিয়ম ভাঙেন বা অসদুপায় অবলম্বন করলে তার প্রার্থিতা বাতিল করা হবে এবং আইনি ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পরীক্ষার কক্ষে প্রবেশের সময় প্রার্থীদের মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করা হবে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে প্রবেশপত্র যাচাই করে পরীক্ষা কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে। পরীক্ষার্থীরা কোনো নিষিদ্ধ সামগ্রী নিয়ে প্রবেশ করলে তাদের প্রার্থিতা বাতিল করা হবে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।

নিয়মাবলি ও গুরুত্বপূর্ণ নির্দেশনা
লিখিত পরীক্ষায় কেবল সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন গণিত, ফলিত গণিত, পদার্থবিদ্যা, ইলেকট্রনিক্স, হিসাববিজ্ঞান, ফিন্যান্স, মার্কেটিং, কম্পিউটার সায়েন্স, পরিসংখ্যান এবং ইঞ্জিনিয়ারিং বিষয়গুলির পরীক্ষার্থীরা। তবে পরিসংখ্যান (বিষয় কোড ৯৮১) পরীক্ষায় পরীক্ষার্থীরা কিছু পরিসংখ্যানিক সারণি সঙ্গে নিয়ে আসতে পারবেন।

পিএসসি আরো জানায়, পরীক্ষার হলে প্রবেশের পর পরীক্ষার্থীরা মুখ বা কানের ওপর কোনো আবরণ রাখতে পারবেন না। ভুল কোড পূরণ, কাটাকাটি কিংবা ফ্লুইড ব্যবহার করলে সংশ্লিষ্ট উত্তরপত্র বাতিল হয়ে যাবে। পরীক্ষায় অংশগ্রহণকারী কোনো প্রার্থী যদি পরীক্ষার সময়ে অসদুপায় অবলম্বন করেন, তাহলে তাকে তাৎক্ষণিক বহিষ্কার করা হবে।

বিশেষ ব্যবস্থা ও সুবিধা
প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য পিএসসি প্রশিক্ষণপ্রাপ্ত শ্রুতিলেখক প্রদান করবে। বিশেষত, দৃষ্টিপ্রতিবন্ধী পরীক্ষার্থীদের প্রতি ঘণ্টায় অতিরিক্ত ১০ মিনিট সময় দেওয়া হবে। এছাড়া, পরীক্ষার প্রতি কক্ষে সিসি ক্যামেরার ব্যবস্থা থাকবে, যাতে পরীক্ষার শৃঙ্খলা বজায় থাকে।

পরীক্ষা কেন্দ্র ও সময়সূচি
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা ঢাকার পাশাপাশি রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর এবং ময়মনসিংহ— এই আটটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। তবে কিছু পদ সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা শুধু ঢাকায় অনুষ্ঠিত হবে। বাংলা বিষয়ে (কোড ০০১ ও ০০২) পরীক্ষা দুটি দিনে অনুষ্ঠিত হবে— ২৭ নভেম্বর ০০১ কোডের ৩ ঘণ্টার পরীক্ষা এবং ৩০ নভেম্বর ০০২ কোডের ৪ ঘণ্টার পরীক্ষা।

এছাড়া মানসিক দক্ষতার এমসিকিউ পরীক্ষা (বিষয় কোড ০০৯) ৭ ডিসেম্বর দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। পিএসসি কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের প্রতি অনুরোধ জানিয়েছে, তারা যেন কোনোভাবেই পরীক্ষার নিয়ম লঙ্ঘন না করেন এবং পরীক্ষার সব নির্দেশনা মেনে চলেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.