আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগেই গণভোট, অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টাকে অপসারণসহ তিন দাবি জানিয়েছে ইসলামি আট দল।
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজারে এক সংবাদ সম্মেলনে আট দলের এই অবস্থান তুলে ধরেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।
আট দলের দাবিগুলো হলো– ভিন্ন ভিন্ন দিনে জাতীয় নির্বাচন ও গণভোট ঘোষণা। অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টাকে অপসারণ করতে হবে। প্রশাসনের রদবদলে নিরপেক্ষ ও জবাবদিহি আওয়াতাায় থাকতে পারে-এমন মনোভাবের লোকদের নিয়োগ করতে হবে।
সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির বলেন, ‘একটি দল শুরু থেকেই রাষ্ট্র সংস্কারের বিরোধিতা করেছে। প্রধান উপদেষ্টার ভাষণে ঐকমত্য কমিশনের সুপারিশ বাস্তবায়ন না হয়ে একটি বিশেষ দলের স্বার্থ গুরুত্ব পেয়েছে। এই ভাষণের পর গণভোটে জনগণকে সিদ্ধান্ত নিতে জটিলতায় ফেলে দিলো।’
এ সময় ঐকমত্যে কমিশনে নানা সিদ্ধান্তে ৯০ শতাংশ দল একমত হলেও একটি দলকে গুরুত্ব দিতে প্রধান উপদেষ্টা ঐকমত্য কমিশনের সুপারিশকে পাশ কেটে গেছেন বলেও অভিযোগ করেন তাহের। তিনি বলেন, ‘ছাত্র সংসদ নির্বাচনগুলোতে সাধারণ শিক্ষার্থীদের মত একটি দলের বিরুদ্ধে যাওয়ায় গণভোট নিয়ে তারা আতঙ্কে রয়েছে।’
তিনি আরও বলেন, ‘নির্বাচনের আগে গণভোট হলে দলটির চিন্তা চেতানার বিপরীতে যাবে। সে আশঙ্কা থেকে বলছে গণভোট হলে জীবনেও মানবে না। কিন্তু সরকার তাদের দাবির ওপর নতি স্বীকার করে একইদিনে গণভোট করার ঘোষণা দিয়েছে। এতে সংস্কারের বিষয়টি গুরুত্বহীন হয়ে পড়বে। কারণ, নির্বাচনের দিন নিজ দলের পক্ষে ভোট পাওয়ার জন্য সবাই মনোযোগী হবে। পরে গণভোটে ভোট কম পড়লে, যারা সংস্কার চাচ্ছে না তারাই বলবে- এমনটাই হওয়ার কথা ছিল। আমরা মনে করি, এটা একটা ফাঁদ। বুঝে হোকো আর না বুঝে হোকে সরকার সেই ফাঁদে পা দিয়েছে।’









