মানিকগঞ্জের শিবালয়ে থেমে থাকা একটি স্কুলবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় বাসের ভেতরে ঘুমিয়ে থাকায় গুরুতর দগ্ধ হয়েছেন চালক তাবেজ খান (৪৫)। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে শিবালয় উপজেলার ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধ তাবেজ খান মানিকগঞ্জ সদর উপজেলার বাড়ইবিকুরা এলাকার আবুল হোসেনের ছেলে। তাবেজ খানকে প্রথমে মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও সি) এস এম আমান উল্লাহ জানান, দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী পরিবহনের বাসটি মহাসড়কের পাশে পার্কিং করে রাখা ছিল। চালক তাবেজ খান বাসের মধ্যেই ঘুমাচ্ছিলেন। রাত দেড়টার দিকে দুর্বৃত্তরা হঠাৎ বাসে আগুন ধরিয়ে দিলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।
তিনি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।









