সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২, ২৩ জমাদিউস সানি ১৪৪৭, হেমন্তকাল

ভোটে এগিয়ে বাংলাদেশি মিথিলা

বিনোদন ডেস্ক

ছবি : সংগৃহীত

থাইল্যান্ডে অনুষ্ঠিত ‘মিস ইউনিভার্স ২০২৫’-এ বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা ‘পিপলস চয়েস’ বিভাগে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। ভোটে তিনি ফিলিপাইন ও চিলির পরেই আছেন এবং আরও কয়েকটি বিভাগেও শীর্ষে অবস্থান করছেন।

১২১টি দেশের প্রতিযোগীদের নিয়ে থাইল্যান্ডে শুরু হওয়া ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসরে বাংলাদেশের প্রতিযোগী তানজিয়া জামান মিথিলা ‘পিপলস চয়েজ’ বিভাগে দারুণ অবস্থানে রয়েছেন। গতকাল বুধবার রাত ৮টা পর্যন্ত ১ লাখ ৯২ হাজার ৩১৩ ভোট পেয়ে তিনি ৩ নম্বরে ছিলেন। প্রথম ও দ্বিতীয় অবস্থানে ছিলেন ফিলিপাইন ও চিলির প্রতিযোগী। তবে রাতে আরও এক ধাপ এগিয়ে গিয়ে ভোরে দ্বিতীয় অবস্থানে দেখা যায় মিথিলাকে। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত এই ভোট চলবে। পিপলস চয়েজ ছাড়াও ‘বেস্ট ন্যাশনাল কস্টিউম’ (প্রথম), ‘মিস কনজেনিয়ালিটি’ (দ্বিতীয়), ‘বেস্ট ইভিনিং গাউন’ (দ্বিতীয়) ও ‘বেস্ট স্কিন’ (তৃতীয়) বিভাগেও এগিয়ে আছেন মিথিলা। ফুকেটের ইভেন্ট শেষ করে এখন তিনি পাতায়ায় অবস্থান করছেন।

এই সাফল্যে মিথিলা বেশ অভিভূত। তিনি বলেন, “মঙ্গলবার রাতে আমাকে ভোটের বিষয়টি জানানো হয়। যখন দেখলাম ভোটিংয়ে ৩ নম্বরে এসেছি, শুরুতে বিশ্বাসই করতে পারছিলাম না। আমার তো সারা শরীর কাঁপছিল। একদম বাক্‌রুদ্ধ হয়ে পড়ি। কান্না চলে আসে। কাঁদছিলাম। এই অনুভূতি বলে বোঝাতে পারব না।” তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং বলেছেন, তাঁর দেশের মানুষের সমর্থন তাঁকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে।

মিথিলা জানান, প্রতিযোগিতায় বিজয়ী নির্বাচনের ক্ষেত্রে ভোট এবং বিচারকের রায় দুটিই দরকার। তাঁর ভাষ্য, “থাইল্যান্ডে আসার পর এখন পর্যন্ত যতগুলো ইভেন্ট হয়েছে, প্রতিটিতে আমার পারফরম্যান্স ভালো, সবার কাছ থেকে তেমনটাই বুঝতে পারছি। আমার বিশ্বাস, আগামী ইভেন্টগুলোও দারুণভাবে উতরাতে পারব। এখন শুধু দরকার দেশের মানুষের ভোট।” তিনি আরও বলেন, শুধু মঙ্গলবারেই ৬০ হাজারের বেশি ভোট পড়েছে।

তিনি মনে করেন, এই প্রথম মিস ইউনিভার্স আসরে বাংলাদেশ এত ভালো অবস্থানে আসতে পেরেছে। দেশের মানুষের এমন সমর্থন পেলে তিনি সবাইকে সুখবর দিতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন।

‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ তাদের ফেসবুক পেজে গতকাল বুধবার রাতে এক পোস্টে লিখেছে, ‘দ্বিতীয় অবস্থানে যেতে আমাদের আরও প্রায় ২৫ হাজার ভোট দরকার, ইনশা আল্লাহ আজ রাতেই হবে বাংলাদেশ অদম্য, বাংলাদেশের জন্য ভোট দিন।’ উল্লেখ্য, ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’ মুকুটজয়ী মডেল ও অভিনয়শিল্পী তানজিয়া জামান মিথিলা গত ২ নভেম্বর থাইল্যান্ডে পৌঁছান।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ফটোগ্যালারী

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.