সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে স্থায়ী নিয়োগ পাওয়া ২১ জন বিচারপতির শপথ গ্রহণ করেছেন।
সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথবাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।
শপথ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও শপথ গ্রহণ করা বিচারপতিদের পরিবারের সদস্য, সিনিয়র এডভোকেট ও সুপ্রিম কোর্ট রেজিষ্ট্রির কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
গতকাল হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া ২২ জনের মধ্যে বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন চিকিৎসাধীন থাকায় আজ তিনি শপথ গ্রহণ করতে পারেননি।
রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশের প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে হাইকোর্ট বিভাগের ২২ জন অতিরিক্ত বিচারককে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এর বিচার শাখা-৪ হতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন গতকাল জারি করা হয়।
এতে বলা হয়, শপথ গ্রহণের দিন থেকে এ নিয়োগ কার্যকর করা হবে।













