সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহী মহানগর শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদকে প্রাথমিক সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদপর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাজশাহী মহানগর শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদকে প্রাথমিক সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।’
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত শহীদুলের সঙ্গে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত সোমবার (১০ নভেম্বর) বিকেলে রাজশাহীর চৌদ্দপাই এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল হক মিলনের মনোনয়ন বাতিলের দাবিতে সড়কে টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ চলাকালে দগ্ধ হন শহীদুল ইসলাম শহীদ।







