এখন ২০০৬ সালের ২৮ অক্টোবর নয়, এখন চিরদিনের জুলাই বলে মন্তব্য করেছেন অন্তবর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, তাদের সহযোগী সংগঠন এবং তাদের ‘গণহত্যাকারী নেতা’ মনে করছেন, যেন আবারও ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনা ফিরে এসেছে।
সোমবার (১০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।
পোস্টে তিনি লেখেন, তারা ভাবছে— দুপুরের আলোয় ডজনখানেক মানুষ হত্যা করে হাজারখানেক সশস্ত্র সন্ত্রাসী নিয়ে ঢাকার কেন্দ্র দখল করবে। কিন্তু দুঃখিত— এটা এক নতুন বাংলাদেশ।
তিনি আরও বলেন, নিষিদ্ধ রাজনৈতিক বা সন্ত্রাসী সংগঠনগুলোর যেকোনো ধরনের বিক্ষোভ বা সহিংসতার চেষ্টা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর শক্তি দিয়ে মোকাবিলা করা হবে। জুলাই বিপ্লবীদের ধৈর্য পরীক্ষা করতে যাবেন না।
পোস্টের শেষে প্রেস সচিব আবারও স্মরণ করিয়ে দেন, এখন আর ২০০৬ সালের ২৮ অক্টোবর নয়— এখন চিরদিনের জুলাই।














