নন-এমপিও শিক্ষকদের পূর্ব ঘোষিত শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জের ঘটনায় আহত হয়েছেন চার শিক্ষক। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
রোববার (৯ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই ঘটনা ঘটে। আহতরা হলেন– আসাদুজ্জামান (৪৭), ইকবাল হাসান (৪০), মোস্তাকিম (৪৫) ও বাবু (৩৬)।
আহত আসাদুজ্জামান জানান, পূর্ব ঘোষিত আমাদের শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশ আমাদের উপর জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ও লাঠিচার্জ করে। পরে আহত অবস্থায় আমাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।
তিনি জানান, জাতীয় প্রেস ক্লাব এলাকা থেকে আহত অবস্থায় চার শিক্ষককে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।









