সৌদি আরবে বসবাস করা অবৈধ প্রবাসীদের দেশে ফেরা আরো সহজ করতে কাজ করছে দেশটির সরকার। তার ধারাবাহিকতায় এবার ‘সেলফ-ডিপোর্টেশন প্ল্যাটফর্ম’ নামে একটি আধুনিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে দেশটির পাসপোর্ট অধিদফতর।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ নভেম্বর) অনুষ্ঠিত ডিজিটাল গভর্নমেন্ট ফোরাম ২০২৫-এ এই তথ্য জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই প্ল্যাটফর্মের মাধ্যমে অবৈধ প্রবাসীরা অনলাইনেই আবেদন করে দেশে ফেরার প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এতে দীর্ঘদিনের জটিল ও সময়সাপেক্ষ প্রশাসনিক প্রক্রিয়ার অবসান ঘটবে বলে মন্ত্রণালয় জানায়।
কর্তৃপক্ষ আরো জানিয়েছে, সৌদি আরবের বিমানবন্দর ও সীমান্তে যাত্রী চলাচলকে আধুনিক প্রযুক্তির আওতায় আনতে চালু করা হচ্ছে ‘স্মার্ট ট্র্যাক’ নামের একটি বিশেষ ব্যবস্থা।
এ ব্যবস্থায় যাত্রীরা স্মার্ট ক্যামেরার মাধ্যমে পরিচয় যাচাই করে পাসপোর্ট কর্মকর্তার সঙ্গে সরাসরি যোগাযোগ ছাড়াই সীমান্ত অতিক্রম করতে পারবেন।
এ ছাড়া ‘ডিজিটাল টুইনস’ নামে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক একটি নতুন প্রযুক্তিও চালু করা হবে, যা জনসমাগমের গতিবিধি বিশ্লেষণ, অপেক্ষার সময় নির্ধারণ এবং সেবার মান পর্যবেক্ষণ করবে।









