বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আগামী ১১ নভেম্বরের মধ্যে ৫ দফা দাবি না মানলে কঠোর কর্মসূচি হবে।
আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) ৫ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন হুঁশিয়ারি দেন তিনি।
গোলাম পরওয়ার বলেন, অবিলম্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোট আয়োজন করতে হবে। অন্যথায় আগামী ১১ নভেম্বর ঢাকায় লাখো জনতার উপস্থিতিতে ভিন্ন রকম পরিবেশের সৃষ্টি হবে। ফলে আগেই সরকারকে এ বিষয়ে উদ্যোগ নিতে হবে।
তিনি আরও বলেন, দেশের যেকোনো সংকট মুহূর্তে সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত আমরা। তবে আশা করি তারা বৃহত্তর স্বার্থের বিষয়টির দিকে নজর রাখবেন।
তিনি জানান, সরাসরি প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিতে গিয়েছি আমরা। প্রধান উপদেষ্টা তখন উপদেষ্টা পরিষদের বৈঠকে ছিলেন। ফলে তার কার্যালয়ের মহাপরিচালকের অনুরোধে তার কাছে দিয়ে আসি। আমরা দাবি করি, প্রধান উপদেষ্টার প্রতিনিধি হিসেবে কমপক্ষে একজন উপদেষ্টাকে আসতে হবে। তখন শিল্প উপদেষ্টা আদিলুর রহমানকে পাঠান প্রধান উপদেষ্টা। তিনি স্মারকলিপি গ্রহণ করেন। তিনি আমাদের ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বেলা ১১টা থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজধানীর পল্টন মোড়ে সমবেত হন ৮ দলের নেতাকর্মীরা। যেখানে বক্তব্য রাখেন দলগুলোর শীর্ষ নেতারা। এরপর কয়েক হাজার নেতাকর্মীর মিছিল প্রেসক্লাব হয়ে মৎস্য ভবন মোড়ে পৌঁছলে পুলিশ যমুনা সড়ক ব্যারিকেড দিলে তাদের অনুরোধে শীর্ষ নেতারা স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান। আর নেতাকর্মীরা মৎস্য ভবন মোড়ে অপেক্ষা করেন।
আট দলের পাঁচ দফা দাবি হলো – জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং ওই আদেশের ওপর নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে বা উচ্চকক্ষে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি চালু, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম–নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।









