জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে প্রধান উপদেষ্টাকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, ‘আপনি ঐকমত্য কমিশনের প্রধান, আপনি সরকার প্রধান। আপনি এক্ষুনি জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করুন। যদি আপনি তা না করেন, আপনি যে সম্মান অর্জন করেছেন, আপনার মর্যাদা আপনি নষ্ট করবেন।’
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। পাঁচ দফা দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা জামায়াতে ইসলামীসহ আটটি ইসলামি দল আজ আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেবে। সেই কর্মসূচির অংশ হিসেবেই এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আপনি (ড. ইউনূস) সম্মান রক্ষার জন্য রাজনৈতিক দলগুলোকে এক টেবিলে বসার আহ্বান জানিয়েছেন। এখন আপনাকে রেফারির দায়িত্ব পালন করতে হবে। আমরা বৃহত্তর ঐক্যের মধ্য দিয়ে ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন চাই।’









