হিন্দুদের ভাগ্যোন্নয়ন দেশে ইসলামী সরকার প্রয়োজন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
আজ শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে খুলনার ডুমুরিয়া স্বাধীনতা চত্বরে হিন্দু সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, স্বাধীনতার পর যারাই দেশ চালিয়েছে তারা সবাই হিন্দুদের ব্যবহার করে শুধুমাত্র নিজেদের ভাগ্যোন্নয়ন করেছে। এবার হিন্দুদের ভাগ্যোন্নয়ন ও অবকাঠামো উন্নয়নে প্রয়োজন ইসলামী সরকার। যারা দাঁড়িপাল্লার জোয়ার দেখে হিন্দুদের ভয়-হুমকি দিচ্ছে তাদের হুমকিতে এবার হিন্দুরা ভয় পাবে না। হিন্দুদের কেউ বাধা দিলে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে।
তিনি আরও বলেন, যারা ৫৪ বছর দেশ চালিয়েছে তারা মাস্তান, দখলদার, চাঁদাবাজরা সরকারের সংস্থাগুলোকে ব্যবহার করে হিন্দুদের শোষণ করে। জামায়াত দেশ পরিচালনার দায়িত্ব পেলে দেশ থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদার দাফন করা হবে।
জামায়াতের ডুমুরিয়া উপজেলা সনাতন শাখার উদ্যোগে সনাতন হিন্দুদের সম্মানে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্প্রীতি সম্মেলনে সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা সনাতন শাখার সভাপতি বাবু কৃষ্ণ নন্দী উপজেলা হিন্দু কমিটির সেক্রেটারি অধ্যক্ষ দেব প্রসাদ মন্ডলের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট আবুল খায়ের, প্রমত গাইন, শোভনা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহ-সভাপতি মো. মোসলেম উদ্দিন, ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সহ-সভাপতি ডা. হরিদাস মন্ডল। পরে এক বিশাল গণমিছিল ডুমুরিয়া সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।








