ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৬ জন মারা গেছেন। এতে চলতি বছর এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৯ জনে। এছাড়া গত একদিনে নতুন করে আরো ৯৮৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
আজ সোমবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে শুধু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনেই ৪ জন মারা গেছেন। পাশাপাশি এই সময়ে ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও বরিশাল বিভাগে একজন করে মোট ২ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে গত একদিনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (২২৭ জন) হাসপাতালে ভর্তি হয়েছে।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১৭১ জন ছাড়াও বরিশাল বিভাগে ১৪১ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৩৩ জন, চট্টগ্রাম বিভাগে ১১১, রাজশাহী বিভাগে ৭৮ জন, খুলনা বিভাগে ৬২ জন, ময়মনসিংহ বিভাগে ৪১ জন, রংপুর বিভাগে ১২ জন এবং সিলেট বিভাগে ৭ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৬৯ জন মারা গেছেন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (১৩০ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে। পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে ৪০ জন ছাড়াও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৩৮ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, রাজশাহী বিভাগে ১৪ জন, ময়মনসিংহ বিভাগে ১০ জন, খুলনা বিভাগে ৮ জন, ঢাকা বিভাগে ৩ জন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গুতে মারা গেছেন।








