জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখন কঠিন রাজনৈতিক সংকটে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষণায় নির্বাচনের আর মাত্র পাঁচ মাস বাকি। এ পরিস্থিতিতে নতুন করে আলোচনায় উঠে এসেছে অভ্যুত্থানকারীদের গড়া রাজনৈতিক দল এনসিপি। তারা নিবন্ধনও পেয়েছে। তবে যত গোল প্রতীক নিয়েই ।
এনসিপি নেতারা তাদের নির্বাচনী প্রতীক হিসেবে জাতীয় ফুল শাপলা-কে চাইছেন। কিন্তু নির্বাচন কমিশন সাফ জানিয়ে দিয়েছে, তারা এ প্রতীক দিতে পারছে না। ইসি এনসিপিকে তাদের তালিকাভুক্ত অন্য ৫০টি প্রতীক থেকে পছন্দের একটি বেছে নিতে বললেও, এনসিপি অনড়—শাপলাই তাদের চাই।
এনসিপি গত ফেব্রুয়ারিতে গঠনের সময় থেকেই শাপলাকে তাদের প্রতীক হিসেবে তুলে ধরে প্রচার শুরু করে। তবে এর শুরু থেকেই আপত্তি ওঠে। কারণ শাপলা একদিকে জাতীয় ফুল। অন্যদিকে এটি জাতীয় প্রতীকের অংশও বটে। এনসিপি নেতাদের ধারণা, শাপলা ফুল সবার কাছে পরিচিত হওয়ায় এটি ভোটে তাদের বাড়তি সুবিধা দেবে।
এ প্রতীক চাওয়ার পেছনে আরও একটি রাজনৈতিক দিক রয়েছে বলে মনে করা হচ্ছে। ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের একটি সমাবেশ পণ্ড হয়েছিল। আওয়ামী লীগ সরকার ‘গণহত্যা’ চালায়। যেহেতু এনসিপির সঙ্গে হেফাজতের ঘনিষ্ঠতা দৃশ্যমান ও হেফাজতের ভোট টানার সুবিধা পেতে পারে এনসিপি। এনসিপি নেতাদের কথায়ও এ বিষয়টি উঠে এসেছে।
ইসি’র অবস্থান ও এনসিপি’র পরবর্তী পদক্ষেপ
দীর্ঘ জল ঘোলা হওয়ার পর, ৩০ সেপ্টেম্বর নির্বাচন কমিশন এনসিপিকে একটি চিঠি দিয়ে জানিয়েছে, তাদের চাওয়া অনুযায়ী শাপলা প্রতীক দেয়া যাচ্ছে না। আগামী ৭ অক্টোবরের মধ্যে ইসি’র তালিকাভুক্ত আলমিরা, কলম, মোবাইল ফোন, ফুটবল, হাঁস, হেলিকপ্টারসহ ৫০টি প্রতীকের মধ্য থেকে একটি বেছে নিয়ে জানাতে বলা হয়েছে। যদিও এনসিপি তাদের প্রথম আবেদনে শাপলা না পেলে কলম ও মোবাইল ফোন-এর কথা উল্লেখ করেছিল, পরে তারা প্রতীক সংশোধন করে ‘সাদা শাপলা’ ও ‘লাল শাপলা’ চেয়েছে—যা কোনোটিই ইসির তালিকায় নেই।
ইসি’র চিঠি প্রসঙ্গে এনসিপি’র যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম বলেন, ইসি তাদের আগের দুটি চিঠি বা আবেদন নিষ্পত্তি না করেই নতুন চিঠি দিয়েছে। যা ‘আইনানুগ হয়নি’। তিনি জানান, তারা নির্ধারিত সময়ের মধ্যে চিঠির জবাব দেবেন। শাপলা প্রতীকের বিষয়টি রাজনৈতিকভাবে মোকাবেলা করার চিন্তা করছেন। তবে সে মোকাবিলার কৌশল তিনি স্পষ্ট করেননি।
এদিকে শনিবার (০৪ অক্টোবর) এনসিপি’র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতীক নিয়ে ‘স্বেচ্ছাচারিতার’ অভিযোগ তুলেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, এনসিপি’র নির্বাচনী প্রতীক শাপলাই হবে।









