দুই বাংলার আলোচিত অভিনেত্রী ইধিকা পাল আসছে পূজায় হাজির হতে যাচ্ছেন তার অভিনীত নতুন সিনেমা নিয়ে। ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় নীল বিদ্রোহের সময়কার গল্প নিয়ে নির্মিত এই সিনেমার নাম ‘রঘু ডাকাত’।
সিনেমাটিতে ডাকাত রঘুর চরিত্রে দেখা যাবে কলকাতার সুপারস্টার দেবকে। এর আগে ‘খাদান’ সিনেমায় দেব-ইধিকা জুটি দর্শকদের কাছে বেশ ভালো সাড়া পেয়েছিল। তাই ‘রঘু ডাকাত’-এ তাদের রসায়ন আবার কেমন হয়, তা নিয়ে বেশ কৌতূহল রয়েছে সবার মনেই।
তাছাড়া সম্প্র্রতি পশ্চিম বাংলায় মুক্তি পাওয়া ‘বহুরূপ’ সিনেমায় সোহম চক্রবর্তীর বিপরীতেও দেখা গেছে ইধিকাকে।
এদিকে ‘রঘু ডাকাত’ সিনেমার প্রথম লুকেই আলোচনায় এসেছিলেন দেব। কপালে সিঁদুর, মুখে চাদর, চোখে আগুনঝরা দৃষ্টি- এ যেন এক নতুন দেব। যদিও প্রযোজনা সংস্থা এখনও পুরোপুরি লুক প্রকাশ করেনি, তবে জানা গেছে চমকে দেওয়ার মতো আরও কিছু চেহারায় হাজির হবেন দেব। ইধিকাকেও এই সিনেমায় ভিন্ন লুকে দেখা যাবে বলে জানা গেছে। যে কারণে সিনেমাটি নিয়ে দর্শক-ভক্তদের কৌতূহল যথেষ্ট। এদিকে শিগগিরই শুরু হবে ইধিকার নতুন সিনেমা ‘প্রজাপ্রতি ২’-এর কাজ। পাশাপাশি শাকিব খানের বিপরীতে আরও একটি সিনেমাতেও তাকে দেখা যেতে পারে বলে শোনা যাচ্ছে। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি।
উল্লেখ্য, বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের বিপরীতে সিনেমা দিয়েই বড়পর্দায় যাত্রা শুরু ইধিকার। এই জুটির প্রথম ছবি ‘প্রিয়তমা’ ছিল ব্লকবাস্টার। এরপর চলতি বছরের ঈদে আবারও শাকিবের বিপরীতে অভিনয় করেন ‘বরবাদ’ সিনেমায়। সেটিও ছিল আলোচিত ছবি।














