চাঁপাইনবাবগঞ্জে সনাতন ধর্মাবলম্বী ২৫ জন ব্যক্তি আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেছেন।
রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তারা প্রাথমিক সদস্য ফরম পূরণের মাধ্যমে দলটিতে যুক্ত হন।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান জানান, শ্রী সুমন কর্মকার সাহার নেতৃত্বে ২৫ সনাতন ধর্মালম্বী জামায়াত ইসলামীতে যোগদান করেছেন।
যোগদানকারীরা হলেন, শ্রী সুমন কর্মকার সাহা, সুকুমার পরামাণিক, শ্রী চন্দন দাশ, শ্রী সুদর্শন মন্ডল, বক্ষনাথ ঠাকুর, জয়নাল চৌধুরী, কানাই চৌধুরী, ভরত চৌধুরী, সতিষ মন্ডল, বাবলু মন্ডল, সিতু মন্ডল, সুমল মন্ডল, দলন মন্ডল এবং মন্টু লাল চৌধুরী প্রমুখ। তারা সবাই চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের বাসিন্দা।
সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান বলেন, “বিভিন্ন পেশা ও ধর্মের মানুষের মাঝে জামায়াতের দাওয়াতি কার্যক্রম অব্যাহত আছে। এই যোগদান প্রমাণ করে, আমাদের আদর্শ ও চিন্তা সকল শ্রেণি ও ধর্মের মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠছে। ইনশাআল্লাহ, ভবিষ্যতে এই কার্যক্রম আরও বিস্তৃত হবে।”
লতিফুর রহমান আরও বলেন, এ যোগদান শুধু সাংগঠনিক নয়, এটি ভ্রাতৃত্ব ও সমঝোতার নতুন বার্তাও বহন করছে।














