বিশ্বব্যাপী আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। গণতন্ত্র বিষয়ে সচেতনতা তৈরি, অংশগ্রহণমূলক শাসনব্যবস্থাকে উৎসাহ দেওয়া এবং মানবাধিকার রক্ষার বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই দিবসটি পালন করা হয়ে থাকে।
জাতিসংঘ ২০০৭ সালের ১৫ সেপ্টেম্বর এই দিবস পালনের ঘোষণা দেয়। এরপর থেকে প্রতি বছর এই দিনে বিভিন্ন দেশে আলোচনা, সেমিনার এবং কর্মসূচির মাধ্যমে গণতন্ত্রের গুরুত্ব তুলে ধরা হয়।
জাতিসংঘের ভাষায়, গণতন্ত্র এমন একটি ব্যবস্থা যেখানে প্রত্যেক নাগরিক সিদ্ধান্ত গ্রহণে সরাসরি বা প্রতিনিধির মাধ্যমে অংশগ্রহণের সুযোগ পায়। এর ভিত্তি হলো- জনগণের শাসন, আইনের শাসন এবং মতপ্রকাশের স্বাধীনতা।
বাংলাদেশের প্রেক্ষাপটে এবারের গণতন্ত্র দিবসটি এক বিশেষ গুরুত্ব বহন করছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘকাল ক্ষমতায় থাকা সরকারের পতনের পর দেশে একটি নতুন রাজনৈতিক যুগের সূচনা হয়েছে। নির্বাচনব্যবস্থা সংস্কার, মানবাধিকার রক্ষা, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় নতুন সরকার ইতিমধ্যে কিছু ইতিবাচক পদক্ষেপ নিয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, টেকসই গণতন্ত্র নিশ্চিত করতে শুধু নির্বাচন নয়, প্রয়োজন বিচারিক স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার এবং সামাজিক ন্যায়ের প্রতিষ্ঠা।
এ উপলক্ষে আজ জাতিসংঘ সদর দফতরে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করেছে জাতিসংঘের গণতন্ত্র তহবিল। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন এই আয়োজনে, যেখানে গণতন্ত্রের বর্তমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।








