ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অনিয়ম এবং পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবদুল কাদের।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।
আবদুল কাদের বলেন, ‘আজকের ডাকসু নির্বাচন শুধু শিক্ষার্থীদের নির্বাচন নয়, এটি জামায়াত-বিএনপি-ছাত্রদল-শিবিরের মধ্যে একটি ক্ষমতার ভাগাভাগির নির্বাচন।
নির্বাচন পরিচালনাকারী কমিশনকে সম্পূর্ণ অযোগ্য ও অনভিজ্ঞ দাবি করে তিনি বলেন, ‘এই নির্বাচন কমিশন একটা নতজানু কমিশন, যা কোনোভাবেই নিরপেক্ষ নয়। কমিশনের একটি অংশ ছাত্রদলের তাবেদারি করছে, অন্য অংশ জামায়াত-শিবিরের। আমরা বারবার এই বিষয়টি তুলে ধরেছি, কিন্তু তারা কর্ণপাত করেনি।’
আবদুল কাদের আরও বলেন, ‘মনোনয়নপত্র উত্তোলনের দিন থেকে শুরু করে পুরো প্রচার-প্রচারণা পর্বে আমরা দেখেছি, আচরণবিধি বারবার লঙ্ঘন হয়েছে। অথচ নির্বাচন কমিশন কোনোটিই নিয়ন্ত্রণ করতে পারেনি। বরং প্রতিযোগিতা হয়েছে কে কত বেশি আচরণবিধি ভাঙতে পারে।’
তিনি বলেন, ‘এমন পরিস্থিতিতে আমাদের প্যানেল নির্বাচন কমিশনের প্রতি কোনো আস্থা রাখতে পারছে না। নির্বাচন যে স্বচ্ছ হয়নি, সেটা স্পষ্ট।’









