চলতি বছরের আগস্ট মাসে ৩০ দিনে প্রবাসী আয়ের মাধ্যমে দেশে রেমিট্যান্স এসেছে ২২২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার (২.২৩ বিলিয়ন)। বাংলাদেশি মুদ্রায় যার অঙ্ক দাঁড়ায় প্রায় ২৭ হাজার ২০০ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।
আজ রোববার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠানো এ রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফিরিয়েছে। হুন্ডি প্রতিরোধে সরকারের পদক্ষেপ, প্রণোদনা এবং ব্যাংকিং ব্যবস্থার উন্নতির ফলে রেমিট্যান্স প্রবাহে এ ধারাবাহিকতা এসেছে।
এর আগে, গত জুলাই মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ২৪৮ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার ২৩০ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছে—৩০ দশমিক ৩৩ বিলিয়ন মার্কিন ডলার। আগের অর্থবছরের তুলনায় এ প্রবাহ প্রায় ২৭ শতাংশ বেশি।
২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ৭৪ বিলিয়ন মার্কিন ডলার, যা ছিল এক অর্থবছরে দেশে আসা সর্বোচ্চ রেমিট্যান্স।








