নেত্রকোণা সদর উপজেলায় জমি ও পারিবারিক বিরোধের জেরে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত রয়েছেন আরো দুজন।
শনিবার (৩১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মৌগাতি ইউনিয়নের জামাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মৌগাতি ইউনিয়নের জামাটি গ্রামের সাবেক ইউপি সদস্য দোজাহান মিয়া, নূর মোহাম্মদ ও রফিক মিয়া। আহত মনোয়ারাসহ দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পারিবারিক ও সামাজিক বিরোধ চলছিলো সাবেক ইউপি সদস্য দোজাহান ও রফিকের মধ্যে। গত শনিবার জেলা বিএনপির কাউন্সিল শেষে রাতে বাড়ি ফিরছিলেন দোজাহান। পথিমধ্যে জামাটি বাজারের পাশে নবী হোসেন ডাক্তারের বাড়ির সামনে পাকা রাস্তার ওপরে অতর্কিত ওপর হামলা চালানো হয়। খবর পেয়ে দোজাহানের স্বজন সমর্থকরা রফিকের বসতবাড়ি গিয়ে হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় পাঁচজন আহত হস। উদ্ধার করে তাদের নেত্রকোণা হাসপাতালে নিলে দোজাহান ও নুর মোহাম্মদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আজ রোববার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রফিক মিয়াও মারা গেছেন বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ।







