বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন ঘিরে দেশের ক্রিকেট অঙ্গনে শুরু হয়েছে তুমুল আলোচনা। এ নিয়ে ক্রিকেটভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে এখন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। গুঞ্জন রয়েছে, তিনি বিসিবির সভাপতি পদে লড়তে পারেন। যদিও সরাসরি বিষয়টি নিশ্চিত করেননি তামিম, তবে নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে দিয়েছেন ইতিবাচক ইঙ্গিত।
একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তামিম ইকবাল বলেন,’যদি প্রশ্ন করেন, আমি বিসিবির নির্বাচনে অংশ নেব কি না, তাহলে বলতে পারি যে আমার খুব ভালো সম্ভাবনা আছে। এবার নির্বাচন করছি আমি।’
নির্বাচনে জিতলে কী বিষয়গুলোতে গুরুত্ব দেবেন, সে প্রসঙ্গেও কথা বলেন তিনি। তামিমের মতে, দেশের ক্রিকেটে সবচেয়ে বেশি প্রয়োজন সুযোগ-সুবিধা বাড়ানো। তিনি বলেন,’আমার ফোকাস থাকা উচিত সর্বোচ্চ দুটি বা তিনটি বিষয়ের ওপর। আমি মনে করি, এ মুহূর্তে সবচেয়ে জরুরি হলো বাংলাদেশ ক্রিকেটের সুযোগ-সুবিধা বাড়ানো। আপনার কাছে খেলোয়াড়, কোচ সবই আছে। কিন্তু নতুন খেলোয়াড় বের করার অবকাঠামো নেই। যে খেলোয়াড়রা আছে, তাদের উন্নতির জন্য কোনো জায়গাও নেই।’
তামিম আরও বলেন, ‘সুযোগ-সুবিধা বাড়ানো নিয়ে কোনো আলোচনাই শুনছি না। আমি আসতে পারলে চার বছরের মধ্যে সেই সুযোগ-সুবিধা তৈরি করে দিতে চাই, যাতে বাংলাদেশের ক্রিকেট আগামী ৮-১০ বছরের জন্য শক্ত ভিত্তির ওপর দাঁড়াতে পারে।’







