গাইবান্ধায় নিজের নববধূকে বন্ধুদের দিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের ওসমানের পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ধর্ষণের ঘটনায় স্বামীসহ সাতজনকে আটক করেছে পুলিশ।
ওই গৃহবধূর স্বজনরা অভিযোগ করেছেন, গত বুধবার (২৭ আগস্ট) সাঘাটা উপজেলার ওসমানের পাড়া গ্রামের আশাদুল ইসলামের ছেলের সঙ্গে গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের এক মেয়ের পারিবারিক বিয়ে হয়। বিয়ের পর বৃহস্পতিবার রাতে নববধূকে স্বামীর বাড়িতে কৌশলে বেশ কয়েকটি বড়ি খাওয়ানো হয়। এরপর কয়েকজন মিলে স্বামীর সহায়তায় তাকে ধর্ষণ করে।
শুক্রবার দুপুর ২টার দিকে নববধূর পরিবার তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ধর্ষণের শিকার ওই নারীর পরিবারের পক্ষ থেকে গোবিন্দগঞ্জ থানায় অভিযোগ দায়ের করার পর শনিবার তার স্বামীসহ ৭ জনকে পুলিশ আটক করে।
গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ফাহাদ আল আসাদ জানান, চিকিৎসা নিতে আসা নববধূর শরীরে ধর্ষণ ও আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, ঘটনা তদন্ত করা হচ্ছে। ধর্ষণের শিকার নারী অসুস্থ থাকায় বিস্তারিত জানা যাচ্ছে না।







