একটি অন্তর্ভুক্তিমূলক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে বিএনপি বদ্ধপরিকর বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ শনিবার (৩০ আগস্ট) বিকেলে ময়মনসিংহসহ ১২টি জেলার ৩৪টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধি সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা জানান।
তারেক রহমান, বিএনপি বিশ্বাস করে বাংলাদেশ শুধু বাঙালির নয়, বরং বৈধভাবে বসবাসকারী সব জাতিগোষ্ঠীর। পাহাড় বা সমতলে সবার অধিকার সংরক্ষণের জন্য বিএনপির সব কমিটিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে।
ক্ষুদ্র জনগোষ্ঠীর ভূমিকা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশে প্রত্যেকটি ক্ষুদ্র জনগোষ্ঠী একেকটি রং, যাকে আমরা বলেছি রেইনবো নেশন। বৈচিত্র্যের মধ্যেই ঐক্য প্রতিষ্ঠা করাই আমাদের মূল লক্ষ্য।
তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য সরকারি চাকরিতে সুযোগ সহজ করার বিষয়ে বিশেষ পরিকল্পনা গ্রহণ করবে।
জাতীয় নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের রূপরেখা ঘোষণা করা হয়েছে। নিরাপদ বাংলাদেশ নিশ্চিত করার জন্য বিএনপি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সহযোগিতা কামনা করছে। পাহাড়ি-সমতলের উন্নয়নে ইতোমধ্যে ৩১ দফা রূপরেখা দেওয়া হয়েছে।








