তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ে নেদারল্যান্ডসকে অল্পতেই আটকে দিয়েছিল বাংলাদেশ। এরপর ব্যাট হাতে ঝড় তোলেন অধিনায়ক লিটন দাস ও দীর্ঘ ২২ মাস পর দলে ফেরা সাইফ হাসান। এ দুজনের ঝড়ো ইনিংসে ৩৯ বল হাতে রেখেই ৮ উইকেটের সহজ জয় পায় টাইগাররা।
আজ শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নেদারল্যান্ডসের দেওয়া ১৩৭ রানের লক্ষ্য ১৪.৩ ওভারে পেরিয়ে যায় বাংলাদেশ। অধিনায়ক লিটন দাস ২৯ বলে ৫৪ এবং সাইফ হাসান ১৯ বলে ৩৬ রানে অপরাজিত থাকেন। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেল স্বাগতিকরা।
ব্যাট হাতে লিটন-সাইফের ঝড়
১৩৭ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা করেছিলেন পারভেজ ইমন ও তানজিদ তামিম। তবে ৮ বলে ১৫ রান করে সাজঘরে ফেরেন ইমন। এরপর লিটনের সঙ্গে ৬৬ রানের জুটি গড়েন তামিম। ২৪ বলে ২৯ রান করে তিনি বিদায় নিলেও ব্যাট হাতে দাপট দেখান অধিনায়ক।
লিটন মাত্র ২৬ বলে পূর্ণ করেন ফিফটি। তাকে যোগ্য সঙ্গ দেন ২২ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা সাইফ হাসান। ১৯ বলে ৩৬ রানের অপরাজিত ঝড়ো ইনিংসে তিনি মারেন ৩ ছক্কা ও ১ চার। এ দুজনের জুটিতে সহজ জয় পায় বাংলাদেশ।







