যে হারে অপরাধ বেড়েছে, তাতে অনেকে মনে করতে বাধ্য হচ্ছেন, ইউসুফ হয়তো ফিরে এসেছে! ইউসুফ, একসময়ের ত্রাস, অপরাধ জগতের ডন। অনেকদিন আলোচনায় ছিলেন না তিনি। হঠাৎ করে আবারও সবার সন্দেহ, ‘ইউসুফ’ কি ফিরে এসেছে?
হ্যাঁ, ইউসুফ ফিরছে। তবে কোনো লোকালয়ে নয়। সে ফিরছে পর্দায়। ‘ইনসাফ’ সিনেমার চরিত্র ইউসুফকে দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মে। দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে ৩ সেপ্টেম্বর রাত ১২টা ১ মিনিটে (৪ সেপ্টেম্বর)।
গত কয়েক মাসে চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে দর্শকদের অনেকেই কমেন্ট করে জানিয়েছিলেন ‘ইনসাফ’ দেখার আগ্রহের কথা। দর্শকদের আগ্রহের কথা বিবেচনাতে রেখেই ‘ইনসাফ’ মুক্তি দিচ্ছে প্ল্যাটফর্মটি, জানিয়েছে চরকি কর্তৃপক্ষ। তারা আশা করছেন দেশ–বিদেশের দর্শকরা সিনেমাটি উপভোগ করবেন।
সঞ্জয় সমাদ্দার পরিচালিত ‘ইনসাফ’ সিনেমায় ইউসুফ চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ। ‘মোস্ট ওয়ান্টেড’ এ সন্ত্রাসীকে নিয়ে সবাই যখন আতঙ্কে তখন তাকে নিয়ে কাজ শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর চৌকশ অফিসার জাহান খান। এ চরিত্রতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ।
গেল কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ইনসাফ’। সিনেমাটি দেখে দর্শকরা জানিয়েছিলেন তাদের ভালোলাগার কথা।








