সরকারি চাকরিজীবনে আবারো বড় পরিসরে পদোন্নতি দিয়েছে সরকার।
আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, মোট ২৬২ জন কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) হিসেবে নিয়োগ করা হলো।
এতে আরো বলা হয়, পদোন্নতির প্রজ্ঞাপনে উল্লেখিত কর্মস্থল পরিবর্তিত হয়ে থাকলে সংশ্লিষ্ট কর্মকর্তা বর্তমান কর্মস্থলের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করবেন। একই সঙ্গে, পরবর্তীতে কারও বিরুদ্ধে বিরূপ বা ভিন্নধর্মী তথ্য পাওয়া গেলে সেই ক্ষেত্রে প্রজ্ঞাপন সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে অথবা অনলাইনে (ই-মেইল: sa1@mopa.gov.bd) যোগদানপত্র দাখিল করতে পারবেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।







