টালিউডে এবার নতুন এক সূচনা। দুর্গাপূজার ঠিক এক মাস আগেই নতুন প্রযোজনা সংস্থা ‘হোয়াই সো সিরিয়াস’ নিয়ে হাজির হচ্ছেন যিশু সেনগুপ্ত ও সৌরভ দাস। তবে এবার যিশুর পরিচয় শুধু অভিনেতা হিসেবে নয়। পরিচালকের আসনেও তাঁকে দেখা যাবে।
প্রযোজনা সংস্থার প্রথম প্রজেক্ট হিসেবে তারা আনছেন পূজার গান ‘দুগ্গা মা এসেছে’। ইন্দ্রদীপ দাসগুপ্তের সুরে গানটি গেয়েছেন অন্তরা মিত্র।
মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন দর্শনা বণিক, ইন্দ্রাশিস রায় ও রাহুল মজুমদার। এরই মধ্যে ভিডিওর দৃশ্যধারণ শেষ হয়েছে এবং প্রকাশ হয়েছে গানটিতে দর্শনার প্রথম ঝলক। লাল শাড়িতে পূজার লুক সাজানো অভিনেত্রীকে দেখেই বোঝা যাচ্ছে, মিউজিক ভিডিওতে থাকবে রং, উচ্ছ্বাস আর আবেগের খোঁজ।
যিশু সেনগুপ্ত বলেন, ‘পূজা আমাদের কাছে রিইউনিয়নের মতো। গোটা পাড়াটাই যেন এক পরিবারের মতো হয়ে ওঠে। বন্ধুত্ব, প্রেম, খুনসুটি সব রকমের আবেগ মিলেমিশে যায় উৎসবকে কেন্দ্র করে। এই মিউজিক ভিডিওর মাধ্যমে সে রকম একটা গল্প বলতে চেয়েছি।’
সৌরভ দাসের কথায়, ‘আমাদের প্রোডাকশন হাউস থেকে শুধু সিনেমা নয়, ভালো গান, ওয়েব সিরিজসহ বিনোদনের সব ধরনের প্রজেক্ট তৈরি করব। দর্শকের কাছে ভালো প্রজেক্ট উপহার দেওয়াই আমাদের লক্ষ্য। আরও অনেক প্রস্তুতি চলছে, ধাপে ধাপে সেগুলো প্রকাশ করা হবে।’








