ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘বিগত দিনে যারা দেশ পরিচালনা করেছে, তাদের শাসন আমরা দেখেছি। আমরা আমাদের সন্তানের লাশ দেখতে চাই না। ইতোমধ্যে সামনে কী হবে, তা আমরা অনুমান করতে পারছি। চাঁদার জন্য পাথর মেরে মানুষ হত্যা করে লাশের ওপর নৃত্য করতে দেখেছি। নির্বাচন কমিশনে গিয়ে মারামারি করতেও দেখেছি।’
তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট বক্তব্য দিচ্ছেন। সুতরাং পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। দেশের মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানানো যাবে না।’
সোমবার (২৫ আগস্ট) বিকালে কুমিল্লার হোমনায় দড়িচর মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আয়োজক কমিটির সভাপতি মাওলানা তফাজ্জল হুসাইনের সভাপতিত্বে এবং মুহাম্মদ ইউসুফের উপস্থাপনায় আরও বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, কুমিল্লা পশ্চিম জেলা শাখার সভাপতি মাওলানা তাজুল ইসলাম এবং কুমিল্লা পশ্চিম জেলা বাংলাদেশ মুজাহিদ কমিটির ছদর মাওলানা বশির আহমদ।
এছাড়া বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর মনোনীত কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী নাজিম উদ্দিন মোল্লা, হোমনা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সাইদুল হক, হেফাজতে ইসলামের হোমনা উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা মো. ইব্রাহিম, পৌর শাখার সভাপতি রহমত উল্লাহ আশেকী, ঘাগুটিয়া ইউনিয়নের উপদেষ্টা মাওলানা আহমদ উল্লাহ, ঘাগুটিয়া ইউনিয়নের সভাপতি মাওলানা শাহ আলম এবং তিতাস উপজেলা জাতীয় নাগরিক পার্টির সভাপতি সাইদ আহমেদ সরকার প্রমুখ।
পরে কুমিল্লা-১ ও কুমিল্লা-২ আসনে দলের মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। তাঁরা হলেন– ইঞ্জিনিয়ার আশরাফুল আলম ও মুফতি তাইজুল ইসলাম।








