দক্ষিণ গাজার একটি হাসপাতালে ইসরায়েলি হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমে কর্মরত চারজন সাংবাদিকও রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
রয়টার্স জানিয়েছে, নাসের হাসপাতালে ওই হামলায় তাদের এক ক্যামেরাপার্সন নিহত হয়েছেন। অন্য তিনজন নিহত সাংবাদিক কাজ করতেন আল জাজিরা, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ও এনবিসির হয়ে।
হামাস নিয়ন্ত্রিত সিভিল ডিফেন্স জানায়, প্রথম হামলায় কয়েকজন নিহত হন। পরে উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছালে দ্বিতীয় দফায় হামলা চালানো হয়, এতে আরও হতাহত হয়।
হাসপাতালের প্রধান ভবন থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে ভিডিও ফুটেজে। এক ভিডিওতে দেখা যায়, এক চিকিৎসক সাংবাদিকদের সামনে রক্তমাখা কাপড় দেখাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে আরও একটি হামলা হয়।
রয়টার্স জানায়, তাদের নিহত ক্যামেরাপার্সনের নাম হুসাম আল-মাসরি। বাকি তিনজন হলেন—আল জাজিরার সাংবাদিক মোহাম্মদ সালামেহ, এপির সাংবাদিক মারিয়াম আবু ডাক্কা এবং এনবিসির ফটোগ্রাফার মুয়াথ আবু তাহা।
গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের তথ্য অনুযায়ী ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে এ পর্যন্ত অন্তত ২৪৪ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন।








