শেরপুরের নকলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই দোকানিকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) পৌর শহরে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগের উপ-পরিচালক রিনা বেগম ও শেরপুর জেলার সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম। এসময় স্যানিটারি ইন্সপেক্টর হাসান ফেরদৌস আলমসহ নকলা থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
অভিযানে ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য বিক্রির দায়ে তাসফিয়া ফুড এন্ড কনফেকশনারী এবং রসের মিষ্টির দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারায় মোট ৩০,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। একই সঙ্গে জনসম্মুখে কিছু নিম্নমানের খাদ্যপণ্য ধ্বংস করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ভোক্তাদের স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।







