কক্সবাজার সফরের কারণে শীর্ষ পাঁচ নেতাকে দেয়া কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহার করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শনিবার (১৬ আগস্ট) এনসিপির যুগ্ম সদস্যসচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাতের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ৬ আগস্ট মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও যুগ্ম আহবায়ক খালেদ সাইফুল্লাহর কাছে পৃথক পাঁচটি কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল।
নোটিশের জবাব বিশ্লেষণ করে দলীয় শৃঙ্খলার ব্যত্যয় না ঘটার কারণে আহবায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে শোকজ নোটিশগুলো প্রত্যাহার করা হয়।
বিষয়টি চূড়ান্তভাবে নিষ্পত্তি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির দিন (৫ আগস্ট) কক্সবাজার সফরের ঘটনায় এ পাঁচ কেন্দ্রীয় নেতাকে নোটিশ দেয় এনসিপি।














