গুলি, বোমা আর ক্ষুধায় দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। বর্বর ইসরায়েলি আগ্রাসনে এক মৃত্যুপুরী অবরুদ্ধ গাজা নগরী। দলখলদার বাহিনী নির্বিচারে হত্যা করছে অসহায় ফিলিস্তিনিদের। তারই ধারাবাহিকতায় গত ২৪ ঘন্ট আরও অন্তত ১০০ মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা ৬১ হাজার ৫৯৯ ছাড়িয়ে গেছে।
বুধবার (১৩ আগস্ট) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলি অভিযান থেকে এখন পর্যন্ত অন্তত ৬১ হাজার ৫৯৯ জনের প্রাণ গেছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালগুলোতে পৌঁছেছে অন্তত ১০০ মরদেহ, যার মধ্যে ১১টি ধ্বংসস্তূপের ভেতর থেকে উদ্ধার করা হয়। একই সময়ে আহত হয়েছেন আরও ৫১৩ জন, ফলে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৪ হাজার ৮৮।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বহু মরদেহ এখনো ধ্বংসস্তূপ ও সড়কে পড়ে আছে, কিন্তু অবরোধ ও হামলার কারণে অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স সদস্যরা উদ্ধারকাজ চালাতে পারছেন না।
মানবিক সহায়তা নিতে গিয়ে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি আক্রমণে নিহত হয়েছেন আরও ৩১ ফিলিস্তিনি এবং আহত হয়েছেন অন্তত ৩৮৮ জন। এর ফলে ২৭ মে থেকে এ ধরনের ঘটনায় মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৩৮ জনে, আহত হয়েছেন অন্তত ১৩ হাজার ৪০৯ জন।













