চিকিৎসক নিয়োগের ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ আরো ২ হাজার ৭৯২ প্রার্থীর ভাইভা ২৪ অগাস্ট থেকে শুরু হবে।
গতকাল সোমবার ১১ আগস্ট মৌখিক পরীক্ষার এই সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
সহকারী সার্জন পদের এসব প্রার্থীর ভাইভা পিএসসি কার্যালয়ে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বলে কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিশেষ এ বিসিএসের মৌখিক পরীক্ষা গত ৬ অগাস্ট শুরু হয়।
তিন হাজার চিকিৎসক নিয়োগের বিশেষ এ বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ২০৬ জন প্রার্থী।
তাদের মধ্যে সহকারী সার্জন পদে ৪ হাজার ৬৯৫ এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জনকে সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।
গত ২০ জুলাই এ বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় গত ২৯ মে। তিন হাজার চিকিৎসকের মধ্যে সহকারী সার্জন পদে দুই হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে নিয়োগ দেওয়া হবে।













