বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের সাম্প্রতিক বক্তব্যকে ঘিরে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এনসিপি’র উত্তরের মুখ্য সংগঠক সারজিস আলম ফেসবুক পোস্টে ফজলুর রহমানকে ‘আওয়ামী লীগের ভাষা’ ব্যবহারের অভিযোগ এনে তীব্র সমালোচনা করেন।
ঘটনার সূত্রপাত শনিবার রাতে এক অনুষ্ঠানে। অভিযোগ অনুযায়ী, ফজলুর রহমান এনসিপি নেতা নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় নেতাদের ‘বেজন্মা’ গালি দেন। সারজিস আলমের দাবি, ফজলুর রহমান শুধু রাজনৈতিক শিষ্টাচার ভঙ্গই করেননি, বরং গত কয়েক মাস ধরে মাঠপর্যায়ে আওয়ামী লীগের পক্ষে সক্রিয় রয়েছেন।
সারজিস আলম পোস্টে লেখেন, “ফজলুর রহমান যে ভাষা ও বয়ানে বিএনপির প্রতিনিধিত্ব করছেন, তা পুরোপুরি খুনি লীগের। তার এসব বক্তব্য আওয়ামী লীগের মিডিয়া সেলগুলোই প্রচার করছে।” তিনি সতর্ক করে বলেন, এ ধরনের বক্তব্য দলের ভাবমূর্তি নষ্ট করছে এবং বিএনপিকে জনমনে প্রশ্নবিদ্ধ করছে।
বিএনপি ও এনসিপি সাম্প্রতিক রাজনৈতিক আন্দোলনে মিত্র হলেও, উভয় দলের মধ্যে কিছু বিষয় নিয়ে দ্বন্দ্ব রয়েছে। মাঠপর্যায়ে বিএনপির কিছু প্রভাবশালী নেতা এনসিপির ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন, আবার এনসিপির কিছু নেতাও অভিযোগ করছেন—বিএনপির ভেতরে এমন কিছু ব্যক্তি আছেন, যারা আন্দোলনের বার্তা দুর্বল করছে।
পোস্টে সারজিস আলম আরও লেখেন, “লাগামছাড়া কয়েকজনের জন্য বিএনপি বারবার নিজেদেরকে প্রশ্নবিদ্ধ হতে দেখতে চায় কিনা, সেই সিদ্ধান্ত বিএনপির নিতে হবে। এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে মানুষ ভাববে বিএনপিই এসব কথা বলাচ্ছে।








