ময়মনসিংহে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা মানহানির মামলা বাতিল করেছেন আপিল বিভাগ।
আজ রোববার (২৭ জুলাই) হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করে আদেশ দেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ।
এ বিষয়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক বলেন, রাষ্ট্রপক্ষের আপিল (লিভ টু আপিল) খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।
২০০৭ সালে দেওয়া সাক্ষাৎকারে ড. ইউনূসের বক্তব্যকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মানহানির অভিযোগে ২০১০ সালে মামলা করেন জাসদের যুগ্ম সম্পাদক ও ময়মনসিংহ জেলা বারের সদস্য নজরুল ইসলাম চুন্নু। সেই মামলার কার্যক্রম বাতিল চেয়ে ২০১১ সালে হাইকোর্টে আবেদন করা হয়।
গত বছরের ২৪ অক্টোবর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মামলাটির কার্যক্রম বাতিল ঘোষণা করে রায় দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক শুনানিতে ছিলেন। অধ্যাপক ইউনূসের পক্ষে ছিলেন আইনজীবী তৌফিক হোসেন।








