জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ম্যানেজমেন্ট বিভাগে হামলার ঘটনায় দুই ছাত্রদল নেতাকে ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়াও ৩ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ জুলাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ ও শহিদ সাজিদ ভবনের নিচতলায় সংগঠিত অনাকাঙ্ক্ষিত ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে।
নিম্নোক্ত শিক্ষার্থীদের সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্টতার মাত্রা বিবেচনায় তাৎক্ষণিকভাবে রসায়ন বিভাগের শিক্ষার্থী মো. মাহমুদুল হাসান (সেশন: ২০১২-১৩) এবং দর্শন বিভাগের শিক্ষার্থী মো. জাহিদুল ইসলাম (সেশন: ২০১২-১৩)-কে ক্যাম্পাসে প্রবেশাধিকারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইয়াসিন হোসেন সাইফ (সেশন: ২০২০-২১), সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আবু হেনা মুরসালিন (সেশন: ২০১৮-১৯), বাংলা বিভাগের শিক্ষার্থী ইমরান হাসান ইমান (সেশন: ২০২৩-২৪)-কে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
ইতিহাস বিভাগের শিক্ষার্থী মো. আজিজুল হাকিম (সেশন: ২০২০-২১)-কে সতর্ক করা হয়েছে।







