নারীর ক্ষমতায়ন ও সংসদে প্রতিনিধিত্ব বাড়ানোর পক্ষে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে বিএনপি। দলটির পক্ষ থেকে বর্তমানে সংরক্ষিত ৫০টি নারী আসন সংখ্যা ১০০-তে উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এসব আসন বর্তমান সংবিধান অনুযায়ী বিদ্যমান পদ্ধতিতেই নির্বাচনযোগ্য রাখার পক্ষে মত দিয়েছে দলটি।
আজ সোমবার (১৪ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এসব কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তিনি জানান, নারী প্রতিনিধিত্ব ও দ্বিকক্ষবিশিষ্ট সংসদের উচ্চকক্ষ গঠন বিষয়ে বিএনপি তাদের সুস্পষ্ট অবস্থান তুলে ধরেছে। এ দুই ইস্যুতেই দলটি গঠনমূলক প্রস্তাব দিয়েছে এবং বাস্তবতা বিবেচনায় ধাপে ধাপে সংস্কারের পক্ষে মত দিয়েছে।
সালাহউদ্দিন বলেন, আমরা নারীর ক্ষমতায়ন চাই এবং নারীর সংসদীয় প্রতিনিধিত্বও বাড়াতে চাই। সেই ধারাবাহিকতায় সংরক্ষিত নারী আসন ৫০ থেকে ১০০-তে উন্নীত করার প্রস্তাব দিয়েছি। তবে আমরা চাই, এ আসনগুলো বিদ্যমান সংবিধান অনুযায়ী দলীয় মনোনয়ন ও অনুপাত পদ্ধতিতে পূরণ হোক।
তবে সরাসরি ১০০টি নারী আসনের জন্য নতুন করে সীমানা নির্ধারণ বা পুনর্বিন্যাস (ডিলিমিটেশন) করার প্রস্তাবকে অবাস্তব বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি রোটেশন পদ্ধতি নিয়েও স্পষ্টতা না থাকার কথা বলেন।














