রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনের ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় জড়িত থাকার সন্দেহে এ পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে অস্ত্র মামলায় তারেক রহমান রবিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া হত্যা মামলায় টিটন গাজী নামে এক আসামিকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
ডিএমপির অভিযানে গ্রেফতারকৃতরা হলেন- মহিন, রবিন ও টিটন গাজী। আর র্যাবের হাতে গ্রেফতার হয়েছেন আলমগীর ও মনির।
আজ শনিবার (১২ জুলাই) তাদের আদালতে হাজির করে পুলিশ। দুইদিনের রিমান্ড শেষে রবিন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই মো. মনির। টিটন গাজীর সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন আরেক তদন্ত কর্মকর্তা একই থানার ইন্সপেক্টর নাসির উদ্দিন।
ঢাকার মহানগর হাকিম হাসিব উল্লাহ গিয়াস তার জবানবন্দি রেকর্ড করেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। টিটন গাজীর পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
এর আগে গত বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ হত্যার ঘটনায় কোতোয়ালি থানায় দুটি মামলা হয়। একটি হত্যা মামলা, অপরটি অস্ত্র মামলা।









