চলতি বছরের প্রথম তিন মাসে নিট বিদেশি বিনিয়োগ এসেছে ৮৬ কোটি ৪৬ লাখ ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় যা ১১৪ দশমিক ৩১ শতাংশ বেশি। আগের তিন মাসের তুলনায় বেড়েছে ৭৬ দশমিক ৩১ শতাংশ। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম তিন মাসে বিনিয়োগ হিসেবে মোট তহবিল এসেছে ১৫৭ কোটি ৬১ লাখ ডলার। মুনাফা, আন্তঃকোম্পানি ঋণ পরিশোধসহ বিভিন্ন উপায়ে বাইরে গেছে ৭১ কোটি ১৫ লাখ ডলার। এ হিসাবে নিট বিনিয়োগ এসেছে ৮৬ কোটি ৪৬ লাখ ডলার। গত বছরের জানুয়ারি-জুন সময়ে নিট বিনিয়োগ এসেছিল ৪০ কোটি ৩৪ লাখ ডলার। আগের প্রান্তিক গত অক্টোবর-ডিসেম্বর সময়ে এসেছিল ৪৯ কোটি ডলার।
সংশ্লিষ্টরা জানান, বিদেশি বিনিয়োগ গতিশীল করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। জমিসহ বিভিন্ন সেবা নেওয়া সহজ করা হয়েছে। এসব কারণে বিনিয়োগ বেড়ে থাকতে পারে। সরকার পতনের পর নানা ক্ষেত্রে অনিশ্চয়তা না থাকলে বিনিয়োগ আরও বাড়ত বলে তারা মনে করেন।









