বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক শুল্ক চুক্তি নিয়ে দ্বিতীয় দফার আলোচনা আজ শুরু হবে। আজ থেকে শুক্রবার (১১ জুলাই) পর্যন্ত ওয়াশিংটনে এ আলোচনা হবে।
প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রেস উইং বুধবার (৯ জুলাই) সকালে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ৭ জুলাই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের ১৪টি দেশের নেতার কাছে চিঠি পাঠানোর পর বাংলাদেশ প্রথম দেশগুলোর একটি, যারা আলোচনা পুনরায় শুরু করছে। বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, যিনি সরাসরি ওয়াশিংটনে আলোচনায় অংশ নিচ্ছেন। ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ও একজন অতিরিক্ত সচিবসহ সিনিয়র কর্মকর্তারা ইতোমধ্যেই ওয়াশিংটনে পৌঁছেছেন।
এর আগে ২৭ জুন অনুষ্ঠিত প্রথম দফার আলোচনা ‘গঠনমূলক’ হিসেবে চিহ্নিত হয়। বাংলাদেশ আশা করছে, ওই আলোচনার অগ্রগতির ভিত্তিতে চুক্তির চূড়ান্ত রূপ শিগগিরই নিশ্চিত করা সম্ভব হবে।







