জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ১৯৭১ সালে এই মেহেরপুর থেকে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল। সেই ঘোষণাপত্রের বাংলাদেশ বিনির্মাণ হয়। মুজিববাদী সংবিধানের মাধ্যমে মুক্তিযুদ্ধের আকাঙ্খাকে নস্যাৎ করে দেওয়া হয়েছিল। মুক্তিযুদ্ধের ৫৪ বছরের সেই স্বপ্ন বাস্তবায়ন হয়নি। ২৪ এর গণঅভুত্থ্যানের মধ্যে দিয়ে আমরা নতুন করে সম্ভাবনা পেয়েছি বাংলাদেশ রাষ্ট্রকে নতুন করে গড়ে তোলার।
তিনি বলেন, স্বাধীনতার ঘোষণাপত্রে যে আকাঙ্খা ছিল, ২৪ এর গণঅভূত্থ্যানের বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্খা ছিল, সেই আকাঙ্খা বাস্তবায়ন করবে গণঅভুত্থ্যানের নেতারা। ফলে মেহেরপুর থেকে যে স্বাধীনতার ঘোষণাপত্রের ডাক এসেছিল আমরা চাচ্ছি নতুন করে জুলাইয়ের ঘোষণাপত্র তৈরি করবো। সেই জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা তৈরি হবে।
আজ মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যায় মেহেরপুর কলেজ মোড়ে জুলাই অভুত্থ্যানের এক বছর পূর্তিতে সারাদেশে কর্মসূচির অংশ হিসেবে মেহেরপুরে পদযাত্রা শেষে সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন। মেহেরপুর শহরের শহিদ ড. সামসুজ্জোহা পার্ক থেকে পদযাত্রা করে তারা কলেজ মোড়ে যায়। সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।
পদযাত্রা ও পথসভায় অন্যান্যদের মধ্যে অংশ নেন- এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ, ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, মেহেরপুর জেলার যুগ্ম সমন্বয়কারী অ্যাড. শাকিল আহমেদ, সোহেল রানা প্রমুখ।







