মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির স্বনামধন্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের ভর্তিতে ছয় মাসের জন্য স্থগিতাদেশ জারি করেছেন।
বুধবার (৪ জুন) হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, জাতীয় নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। স্থগিতাদেশের মেয়াদ পরে বাড়ানোও হতে পারে।
বিবৃতিতে আরো বলা হয়, “হার্ভার্ড দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তির মাধ্যমে চীনসহ কিছু দেশের সঙ্গে অবৈধ সংযোগ বজায় রেখেছে। এসব বিদেশি শিক্ষার্থী গবেষণা তথ্য চুরি ও অপব্যবহারের সঙ্গে জড়িত।”
এর আগে, ম্যাসাচুসেটসের একটি ফেডারেল আদালতের বিচারক ইঙ্গিত দিয়েছিলেন, তিনি হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি বন্ধে শিগগিরই নিষেধাজ্ঞা জারি করতে পারেন। সেই ঘোষণার মাত্র এক সপ্তাহ পরেই প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি স্থগিতাদেশ জারি করলেন।
উল্লেখ্য, বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৩০ হাজার ৩৮৬ জন শিক্ষার্থী পড়াশোনা করছে, যাদের প্রায় এক চতুর্থাংশই বিদেশি নাগরিক।
ট্রাম্পের সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একে “আইনবহির্ভূত ও প্রতিশোধমূলক পদক্ষেপ” বলে আখ্যায়িত করেছে এবং জানিয়েছে, “হার্ভার্ড তার বিদেশি শিক্ষার্থীদের সুরক্ষা প্রদানে অঙ্গীকারবদ্ধ থাকবে।”
সূত্র: রয়টার্স









