দীর্ঘ চার মাস পর চিকিৎসা শেষে দেশে ফেরার উদ্দেশে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সেে দেশে ফিরছেন খালেদা জিয়া।
আজ সোমবার (৫ মে) বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৭টার দিকে তারেক রহমানের বাসা থেকে একটি প্রাইভেট গাড়িযোগে তিনি বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন। হিথ্রোতে পৌঁছানোর পর কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে তিনি দেশের উদ্দেশে রওনা হন।
বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, বাংলাদেশ সময় রাত ৯টা ৩৫ মিনিটে ম্যাডামকে বহন করা কাতারের আমিরের দেওয়া বিশেষ বিমান এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে।
আগামীকাল (৬ মে) সকাল ১০টার দিকে এটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে জানা গেছে।
খালেদা জিয়ার বিদায়ের মুহূর্তে হিথ্রো বিমানবন্দরে তাকে শেষবারের মতো দেখতে ভিড় করেন যুক্তরাজ্য বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী। একইভাবে ঢাকায়ও বিএনপি নেত্রীকে অভ্যর্থনা জানাতে দলীয়ভাবে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দলের পক্ষ থেকে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে নেত্রীকে বরণ করে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।








