রাজধানীর বেইলি রোডে অবস্থিত বহুতল ভবন সিরাজ টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।
আজ সোমবার (৫ মে) সন্ধ্যা পৌনে সাতটার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে খুব দ্রুত সময়ের মধ্যেই প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস সদর দফতরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানিয়েছেন, “সিরাজ টাওয়ারের নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।”
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভবনটিতে সম্ভাব্য আটকা পড়াদের উদ্ধারে অভিযানও চালানো হচ্ছে। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ ও অ্যাম্বুলেন্স মোতায়েন রয়েছে। স্থানীয়রা আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে এসেছেন।








