শেরপুর জেলার সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মুন্সীরচর পূর্বপাড়া গ্রামে একটি মেহগনি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ফজলুল হক (৪৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার (৪মে) সকালে এই মরদেহ উদ্ধার করা হয়। নিহত কৃষক ফজলুল হক মৃত সমেশ উদ্দিনের ছেলে।
নিহতের পরিবার থেকে জানা যায়, ফজলুল হক শনিবার (৩মে) রাতে বাড়ী থেকে বের হয়ে আর বাড়ি ফিরেননি। আজ রবিবার সকালে বাড়ির পাশে একটি মেহগনি গাছে তার ঝুলন্ত মরদেহ অবস্থায় দেখতে পান এলাকাবাসী। পরে তারা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম ও এসআই নজরুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে নিহতের মরদেহটি উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল করিম জানান, নিহতের দেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বিশেষ করে তলপেটে, হাঁটুতে এবং পুরুষাঙ্গে জখমের চিহ্নের সাথে রক্তাক্ত অবস্থায় দেখা গিয়েছে। পুলিশ বিষয়টিকে হত্যা বলেই সন্দেহ করছে। তবে এটি একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে।








