দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা গেজেটেড পদমর্যাদা লাভ করেছেন।
গত বুধবার (৩০ এপ্রিল) সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ, বাস্তবায়ন অনুবিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অর্থ বিভাগের উপসচিব মোহাম্মদ গোলাম কবিরের সই করা এ প্রজ্ঞাপনে বলা হয়, এডুকেশন ডিপার্টমেন্টের ১৯৭০ সালের ১৭ জুলাই তারিখের স্মারক নং-৮৩২-ইডিএন (832-Edn) এর তফসিলে ‘সহকারী শিক্ষক অথবা শিক্ষিকা’ পদনামটি অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এ পদটি এখন থেকে গেজেটেড পদ হিসেবে গণ্য হবে এবং শিক্ষকরা বর্ধিত বেতন সুবিধা পাবেন।
প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, নতুন নিয়ম অনুযায়ী দ্বিতীয় শ্রেণির এমএড বা মাস্টার্স ডিগ্রিধারীরা একটি এবং প্রথম শ্রেণির এমএড বা মাস্টার্স ডিগ্রিধারীরা দুইটি অগ্রিম বর্ধিত বেতন পাওয়ার যোগ্য হবেন। এ আদেশটি ২০১৫ সালের ১ জুলাই থেকে কার্যকর করা হয়েছে।
এ ছাড়া, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিবের কাছে এ প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।









